বরাক তরঙ্গ, ২৬ আগস্ট : উৎসাহ-উদ্দীপনা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে বুধবার উধারবন্দে পালিত হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। হজরত মুহাম্মদ এর জন্মদিন উপলক্ষে উধারবন্দের বিভিন্ন এলাকায় পৃথক পৃথক শোভাযাত্রা, আলোচনা সভা ও মিলাদ মহফিলের আয়োজন করা হয়।
আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি গোঁসাইপুর মহাসড়ক পয়েন্ট থেকে শুরু হয়ে উধারবন্দ দিঘীরপাড় হয়ে পানগ্রাম রওজা মসজিদে গিয়ে শেষ হয়। সেখানে ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। পরে মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। শেষে বিশ্বশান্তি, সম্প্রীতি ও মানবজাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অন্যদিকে, লাঠিগ্রামের ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটির উদ্যোগেও একটি পৃথক শোভাযাত্রা বের করা হয়। লাঠিগ্রামের বাবা মখাশা মোকাম থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি গোঁসাইপুর ও উধারবন্দ হয়ে পুনরায় মোকামে এসে শেষ হয়। সেখানে আলোচনা সভা ও মিলাদ মহফিল অনুষ্ঠিত হয়। শেষে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সকলের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও চলিতাকান্দির আলিরগ্রামে শিশু-কিশোরদের অংশগ্রহণে আরও একটি শোভাযাত্রা বের করা হয়। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শোভাযাত্রাটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত পৃথক পৃথক শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা প্রশাসন সহ সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।



