বরাক তরঙ্গ, ২ সেপ্টেম্বর : নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে এক নবজাতকসহ তাকে উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে বুধবার বড়খলা থানার সামনে বিক্ষোভ দেখাল বজরং দল। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রায় দেড় বছর আগে নাবালিকাকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনা সামনে এলেও অভিযুক্তকে এখনও গ্রেফতার করা হয়নি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণেই বিষয়টি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
বজরং দলের মধ্য কাছাড় জেলা (সভাপতি) পঙ্কজ দাস বলেন, প্রায় দেড় বছর আগে এক মুসলিম ব্যক্তির সঙ্গে নাবালিকা নিখোঁজ হয়েছিল। প্রায় দেড় মাস আগে বড়খলা পুলিশ ওই নাবালিকাকে একটি নবজাতকসহ উদ্ধার করে। তিনি বলেন, অভিযুক্ত ব্যক্তির বয়স প্রায় ৬০ বছর এবং নাবালিকার সঙ্গে তাঁর সম্পর্কের অভিযোগ রয়েছে। তিনি ঘটনাটিকে ‘লাভ জিহাদ’ বলে অভিহিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি নাবালিকা ও তার সন্তানের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার দাবিতে পুলিশকে ৭২ ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বিক্ষোভের জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কাছাড়ের ডিএসপি (হেড কোয়ার্টার) মহেন্দ্র বরা ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পরে তাঁর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং বিক্ষোভ প্রত্যাহার করা হয়।
পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



