মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৪ জুন : অসম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের বাজারিছড়া থানার অন্তর্গত হাতিখিরা এলাকায় রবিবার ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটি মালবাহী কন্টেইনার লরি ও একটি ব্যক্তিগত বলেরো গাড়ির মুখোমুখি সংঘর্ষে বলেরো চালক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার বিকট শব্দে ভোরের নিস্তব্ধতা ভেঙে পড়ে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৌহাটি থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা দেওয়া AS-01SC-7131 নম্বরের একটি মালবাহী কন্টেইনার হাতিখিরা এলাকা অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা AS-11R-8382 নম্বরের একটি ব্যক্তিগত বলেরোর সঙ্গে সজোরে ধাক্কা খায়। বলেরোটি ত্রিপুরার ধর্মনগর থেকে করিমগঞ্জ জেলার হারিবাসর এলাকায় নিজ বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্র শব্দ শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। সেখানে গিয়ে দেখা যায়, বলেরো গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে এবং চালক গাড়ির ভেতরে আটকে পড়েছেন। স্থানীয় যুবক ও পথচারীদের তৎপরতায় আহত চালককে উদ্ধার করে দ্রুত মাকুন্দা ক্রিস্টিয়ান লেপ্রেসি কাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন ওই চালকের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাগ্রস্ত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।



