বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে হাইলাকান্দিতে বর্ণাঢ্য সাইকেল র‌্যালি

Spread the news

বরাক তরঙ্গ, ৭ জুন : বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার হাইলাকান্দিতে এক বর্ণাঢ্য সাইকেল র‌্যালির আয়োজন করা হয়। স্কুলের ছাত্র-ছাত্রী, যুবক-যুবতী এবং সাধারণ মানুষ এই র‌্যালিতে অংশগ্রহণ করেন।

মহাবীর ইন্টারন্যাশনাল, হাইলাকান্দি ইউনিটের উদ্যোগে এবং হাইলাকান্দি পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতায় এই র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিতে হাইলাকান্দির সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) অমিতাভ সিনহা সহ পুলিশের বেশ কয়েকজন শীর্ষ আধিকারিক সাইকেল চালিয়ে অংশগ্রহণ করেন।

হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) সম্পাদক ও প্রাক্তন ফুটবলার শৈবাল সেনগুপ্ত পতাকা প্রদর্শন করে র‌্যালির সূচনা করেন।

র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে নেতাজি পয়েন্টে গিয়ে শেষ হয়। সাইকেল ব্যবহারের মাধ্যমে পরিবেশ রক্ষা, জ্বালানি সাশ্রয় এবং সবুজ ভবিষ্যতের বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য।

বিপুল সংখ্যক মানুষ র‌্যালিতে অংশ নিয়ে কর্মসূচিটিকে সফল করে তোলেন। র‌্যালি শেষে আয়োজকদের পক্ষ থেকে সকল অংশগ্রহণকারীর হাতে অংশগ্রহণ ও সমাপ্তি শংসাপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকদের মতে, নিয়মিত সাইকেল ব্যবহার যেমন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, তেমনি পরিবেশ দূষণ কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *