শমীন্দ্র পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫৫ হাজার টাকার অনুদান প্রদান করেছে লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার। শনিবার কাছাড় জেলার কাটিগড়ার শাসক দলের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের হিলাড়া-স্থিত বাসভবনে গিয়ে ক্লাবের পক্ষ থেকে অনুদানের চেক তাঁর হাতে তুলে দেন ক্লাবের প্রতিনিধিরা।
ক্লাবের সভাপতি ডাঃ স্বপন কুমার দাসের নেতৃত্বে আইপিপি মুকেশ আগরওয়াল সহ অন্যান্য কর্মকর্তারা বিধায়কের হাতে ৫৫ হাজার টাকার চেক তুলে দেন। এসময় লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের পক্ষ থেকে এনাম উদ্দিন, আশীষ তুশনিয়াল, পবন তুলসিয়ান, গিরি শঙ্কর এবং শমীন্দ্র পাল উপস্থিত ছিলেন।
অনুদানের চেক গ্রহণ করে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটারের এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘সমাজের কল্যাণে লায়ন্স ক্লাব অফ বদরপুর গ্রেটার দীর্ঘদিন ধরে যে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছে, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এই অনুদান তারই আরেকটি অনুকরণীয় দৃষ্টান্ত। দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়াতে এমন সামাজিক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমি ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও তারা একইভাবে জনসেবামূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে আশা রাখি।’ অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সবাই।



