নালায় মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু ব্যক্তির, গঙ্গানগরে চাঞ্চল্য

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : নালায় মাছ ধরতে গিয়ে জলে পড়ে মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার সকালে নালা থেকে উদ্ধার করা হয় বছর ৫২-র রাণু দাশের নিথর দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে কৃষ্ণপুর গঙ্গানগর জিপির গঙ্গানগর নবম খণ্ড গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বৃষ্টির পর বাড়ির কাছের নালায় জাল নিয়ে মাছ ধরতে যান রাণু দাশ। তবে রাত হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ শুরু করেন। কিন্তু দীর্ঘ সময় খোঁজ করেও তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে নালার জলে রাণু দাশের মৃতদেহ দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *