বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : প্রার্থী তালিকা ঘোষণার পর বিজেপির অন্দরে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। দলীয় টিকিট পেয়ে একাংশ যেমন উচ্ছ্বসিত, তেমনই টিকিট না পেয়ে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেকে। এরই মধ্যে শিলচরের প্রাক্তন বিধায়ক দীপায়ন চক্রবর্তী নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এবার দলীয় প্রার্থিত্বের জন্য সরাসরি আবেদন করেননি দীপায়ন। তবে ১৩ নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হওয়ার বিষয়ে তিনি দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেছিলেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহও প্রকাশ করেছিলেন। এমনকি জনমানসেও মেয়র পদের সম্ভাব্য দাবিদার হিসেবে তাঁর নাম আলোচনায় ছিল। কিন্তু বুধবার প্রকাশিত প্রার্থী তালিকায় তাঁর নাম না থাকায় তিনি নির্দল প্রার্থী হিসেবে লড়ার সিদ্ধান্তের কথা জানান।

দৈনিক সাময়িক প্রসঙ্গ সূত্রে জানা যায়, দীপায়ন চক্রবর্তী এই পরিস্থিতির জন্য সরাসরি শিলচরের বর্তমান বিধায়ক ডাঃ রাজদীপ রায় এবং প্রাক্তন বিধায়ক দিলীপ পালকে দায়ী করেছেন। তাঁর অভিযোগ, ওই দুই নেতা তাঁর শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র নিয়ে সংশয় তৈরি করে মুখ্যমন্ত্রীকে ভুল বুঝিয়েছেন। তবে মুখ্যমন্ত্রীর প্রতি তাঁর পূর্ণ শ্রদ্ধা রয়েছে বলে জানিয়েছেন দীপায়ন। তাঁর দাবি, রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি বিজেপির অনুগত কর্মী এবং দলের বিরোধিতা করার কোনও চিন্তা তাঁর নেই। তাঁর বক্তব্য, শিক্ষাগত শংসাপত্র নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, সেটি যে ভিত্তিহীন তা প্রমাণ করতেই তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেবেন।
একইসঙ্গে দীপায়ন জানান, তাঁর শিক্ষাগত শংসাপত্র নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগে দুটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের বিরুদ্ধেও তিনি মানহানির মামলা করবেন।




