মাঝসমুদ্রে তেলবাহী জাহাজে দাউদাউ আগুন! পারস্য উপসাগরে ভারতের ২৪ নাবিককে ঘিরে উৎকণ্ঠা

Spread the news

৯ জুন : মাঝসমুদ্রে দাউদাউ আগুন। পারস্য উপসাগরে ২৪ জন ভারতীয় নাবিককে নিয়ে একটি তেলবাহী জাহাজে ভয়াবহ আগুন লাগল। তবে স্বস্তি, জাহাজের সব কর্মীই সুরক্ষিত আছেন। সোমবার কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।

দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক ওপেশ কুমার শর্মা সাংবাদিকদের বলেন, ‘‘আজ দুপুর দেড়টা নাগাদ ‘এমটি মারিভেক্স’ নামের জাহাজটিতে আগুন লাগে। তবে প্রাথমিক খবর অনুযায়ী, ২৪ জন ভারতীয় নাবিকই আপাতত বহাল তবিয়তে আছেন।’’ তিনি আরও জানান, পারস্য উপসাগরে থাকা সমস্ত ভারতীয় জাহাজ ও নাবিকদের ওপর কড়া নজর রাখা হচ্ছে।

পশ্চিম এশিয়ার বর্তমান অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতের বিদেশ মন্ত্রক, নৌসেনা ও প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে জাহাজ চলাচল মন্ত্রক।

প্রয়োজনে ওই নাবিকদের সব রকম সাহায্য করতে বিদেশে থাকা ভারতীয় দূতাবাসগুলিও তৈরি রয়েছে। মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ওই অঞ্চলে থাকা সমস্ত ভারতীয় নাগরিকই এখন সম্পূর্ণ নিরাপদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *