দিল্লিতে শিক্ষা মন্ত্রকের বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

Spread the news

১ জুন : দিল্লির আইটিও (ITO) এলাকায় সোমবার সাতসকালেই ছড়াল ব্যাপক আতঙ্ক। রাজধানীর ব্যস্ত প্রশাসনিক অঞ্চলে অবস্থিত স্কুল অফ প্ল্যানিং ভবনের দোতলায় এ দিন সকালে ভয়াবহ আগুন লেগে যায় বলে খবর। অগ্নিকাণ্ডের খবরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন সকাল সাড়ে ৯টার পরে বিল্ডিংয়ের অফিস ঘর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে দোতলার বিস্তীর্ণ অংশে। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিসের আটটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। দমকলকর্মীরা বিল্ডিংয়ের ভিতরে আটকে পড়া কর্মীদের নিরাপদে বের করে এনেছেন। আরও কেউ আটকে পড়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

এই এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে আগুনের তীব্রতার কারণে ভবনের বেশ কিছু নথি, আসবাব এবং বৈদ্যুতিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে ভবনটি খালি করে দেওয়া হয়েছে এবং আশপাশের এলাকায় সাময়িকভাবে যাতায়াত নিয়ন্ত্রণ করা হয়।

দমকল সূত্রে খবর, শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে বলে প্রাথমিক অনুমান। যদিও সঠিক কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের বেশ বেগ পেতে হয়, কারণ বিল্ডিংয়ের ভিতরে ধোঁয়া ও আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। ধোঁয়ার কারণে উদ্ধারকাজের সময়ে সমস্যায় পড়েন দমকলকর্মীরা। আগুনের শিখাকে নিয়ন্ত্রণে আনা গেলেও কোথাও পকেট ফায়ার রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি কুলিং অপারেশনও চালানো হচ্ছে যাতে আগুন ফের না ছড়ায়।

ITO এলাকা দিল্লির অন্যতম গুরুত্বপূর্ণ অঞ্চল। ওখানে একাধিক সরকারি দপ্তর, অফিস রয়েছে। ফলে এই অগ্নিকাণ্ড ঘিরে নিরাপত্তা ব্যবস্থা এবং সরকারি বিল্ডিংগুলিতে অগ্নিনির্বাপণ পরিকাঠামো নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। সম্প্রতি দিল্লির একাধিক সরকারি ভবনের ফায়ার সেফটি ব্যবস্থায় ত্রুটির অভিযোগও সামনে এসেছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *