এনআইটি শিলচরে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন, অংশ নিলেন দেশ-বিদেশের বিশেষজ্ঞরা

Spread the news

বরাক তরঙ্গ, ২৭ নভেম্বর : দেশ-বিদেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও শিল্পক্ষেত্রের বিশেষজ্ঞদের উপস্থিতিতে এনআইটি শিলচরে শুরু হওয়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ক তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ‘রিসেন্ট অ্যাডভান্সেস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ (আইসিআরএসিই ২০২৬)-এর সমাপ্তি হয়েছে। ২৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাইব্রিড পদ্ধতিতে আয়োজিত এই সম্মেলনে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সাম্প্রতিক অগ্রগতি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং ভবিষ্যতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এনআইটি শিলচরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে ভারত ও বিদেশের বিশিষ্ট বিশেষজ্ঞদের ছয়টি মূল প্রবন্ধ উপস্থাপিত হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সরোজ মণ্ডল কংক্রিটের স্ব-নিরাময় প্রযুক্তি নিয়ে আলোচনা করেন। অন্যদিকে, আইআইটি খড়্গপুরের অধ্যাপক ব্রজেশ দুবে টেকসই সম্পদ ব্যবস্থাপনা ও সার্কুলার ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটির ডিরেক্টরেট অফ টেকনিক্যাল এডুকেশনের যুগ্ম অধিকর্তা অধ্যাপক ইন্দ্রাণী গগৈ। বিশেষ অতিথি ছিলেন অসম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্ট রাজেশ দত্ত। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুয়াহাটির গৌতম কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের ড. বিনোদ কে. সিংহি। এছাড়াও এনআইটি শিলচরের অধিকর্তা অধ্যাপক দিলীপ কুমার বৈদ্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও সম্মেলনে অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে নির্বাচিত গবেষণাপত্রগুলি স্কোপাস ইনডেক্সভুক্ত স্প্রিঙ্গার প্রকাশনা সংস্থার ‘লেকচার নোটস ইন সিভিল ইঞ্জিনিয়ারিং’ সিরিজের অধীনে সম্মেলন-সংকলন হিসেবে প্রকাশিত হবে। পাশাপাশি নির্বাচিত কিছু গবেষণাপত্র এএসসিই প্রকাশিত ‘জার্নাল অফ স্ট্রাকচারাল ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন প্র্যাকটিস’ এবং ইনস্টিটিউশন অফ সিভিল ইঞ্জিনিয়ার্সের ‘স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনস্ট্রাকশন’ পত্রিকায় প্রকাশের জন্য বিবেচিত হবে।

সমগ্র সম্মেলনের আহ্বায়কের দায়িত্বে ছিলেন আইসিআরএসিই ২০২৬-এর কনভেনার তথা এনআইটি শিলচরের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোকাদ্দেস আলি আহমেদ। আন্তর্জাতিক পর্যায়ের এই সম্মেলন গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে শিল্পক্ষেত্রের সমন্বয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্র তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *