বরাক তরঙ্গ, ২৮ এপ্রিল : আগামী ৪ মে কাছাড় জেলা-য় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ভোট গণনা অনুষ্ঠিত হবে, যা সমগ্র অসম-এর সঙ্গে তাল মিলিয়েই সম্পন্ন হবে। প্রশাসন সূত্রে জানা গেছে, সেদিন সকাল ৮টা থেকে পোস্টাল ব্যালট গণনা শুরু হবে এবং সকাল ৮টা ৩০ মিনিট থেকে ইভিএমের ভোট গণনা শুরু হবে।
জেলার মোট ৭টি বিধানসভা কেন্দ্রে একযোগে গণনা প্রক্রিয়া চলবে। প্রতিটি কেন্দ্রে ১৪টি করে কাউন্টিং টেবিল স্থাপন করা হয়েছে। কাটিগড়া কেন্দ্রে সর্বাধিক ২১ দফায় গণনা সম্পন্ন হবে, অন্যদিকে বাকি কেন্দ্রগুলিতে গড়ে ১৬ থেকে ১৭ দফায় প্রক্রিয়া শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন জেলা শাসক আয়ুস গার্গ।
গণনা কেন্দ্র হিসেবে নির্ধারিত আইএসবিটি চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো প্রক্রিয়ায় ৭০০-রও বেশি সরকারি কর্মী এবং প্রায় ৫০০ জন পুলিশ কর্মীসহ মোট প্রায় ১২০০ জন কর্মী মোতায়েন থাকবেন।
প্রশাসনের আশা, কড়া নিরাপত্তা ও সুপরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে ভোট গণনা সম্পন্ন করা সম্ভব হবে।



