মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ নভেম্বর : প্রতিশ্রুতির পর প্রতিশ্রুতি মিললেও জাতীয় সড়ক NH-37-এর ফকিরাবাজার সংলগ্ন অংশের বেহাল দশার কোনও পরিবর্তন হয়নি। সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে জল জমে তৈরি হচ্ছে দুর্ভোগ। বড় বড় খানাখন্দের কারণে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। এই পরিস্থিতিতে সড়কের দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে শুক্রবার প্রতিবাদে সামিল হলেন ফকিরাবাজারের বাসিন্দারা। তাঁদের আন্দোলনে যোগ দিয়ে সংহতি প্রকাশ করেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী।

বিধায়ক বলেন, একটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়কের এমন দুরবস্থা কোনওভাবেই কাম্য নয়। প্রতিদিন অসংখ্য মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। অথচ বৃষ্টির সময় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে। এর ফলে সাধারণ যাত্রীদের পাশাপাশি ব্যবসায়ী, যানবাহন চালক, স্কুল-কলেজের পড়ুয়া এবং জরুরি পরিষেবার গাড়িও সমস্যার সম্মুখীন হচ্ছে। তাঁর মতে, সাময়িক মেরামত কিংবা আশ্বাসে এই সমস্যার সমাধান সম্ভব নয়। প্রয়োজন পরিকল্পিত ও স্থায়ী সংস্কার।

এদিন আন্দোলনের পর বিষয়টি প্রশাসনের নজরে আনতে শ্রীভূমির জেলা কমিশনারের কার্যালয়ে যান বিধায়ক। সেখানে জেলা কমিশনারের সঙ্গে বৈঠকে NH-37-এর বেহাল পরিস্থিতি, জল জমার সমস্যা এবং দুর্ঘটনার আশঙ্কার বিষয়গুলি বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি। অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সংস্কারের উদ্যোগ গ্রহণের দাবি জানান।

বৈঠক শেষে বিধায়ক জানান, প্রশাসনিক পর্যায়ে আলোচনার বিষয় এবং পরবর্তী পদক্ষেপ সম্পর্কে স্থানীয় মানুষকে অবহিত করতে শনিবার ফের ফকিরাবাজারে যাবেন তিনি। জনগণের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি তুলে ধরার আশ্বাসও দেন।

এদিকে, দীর্ঘদিনের এই সমস্যায় ক্ষুব্ধ এলাকাবাসীর দাবি, আর কোনও প্রতিশ্রুতি নয়, এবার চাই বাস্তব পদক্ষেপ। তাঁদের বক্তব্য, সড়কের দুরবস্থার কারণে শুধু যাতায়াত নয়, এলাকার ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক জনজীবনও ব্যাহত হচ্ছে। বিধায়কের প্রশাসনিক হস্তক্ষেপের পর এবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত সংস্কারের কাজ শুরু করে, সেদিকেই তাকিয়ে রয়েছেন ফকিরাবাজারের বাসিন্দারা।



