ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ জুন : শিলচর টাউন ক্লাবে শেষ হল ফুটবল রেফারিজ ওয়েলফেয়ার কমিটির তিনদিনের কর্মশালা। বরাকের বিভিন্ন প্রান্তের ৪১ জন শিক্ষার্থী কর্মশালায় অংশ নেন এবং থিওরি ও প্র্যাকটিক্যালের মাধ্যমে রেফারির প্রশিক্ষণ নেন। রবিবার অন্তিম দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর টাউন ক্লাবের সভাপতি বিশিষ্ঠ ক্রীড়া সংগঠক দীলিপরঞ্জন নন্দী ও প্রাক্তন সম্পাদক তথা জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নন্দু দুলাল রায়। উভয়েই আবার প্রাক্তন রেফারি ছিলেন। আয়োজক কমিটির পৃষ্টপোষক চন্দন শর্মা, দুই প্রশিক্ষক তথা জাতীয় রেফারি নির্মল ভট্টাচার্য ও আব্দুল মাজিদ চৌধুরী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দিলীপরঞ্জন নন্দী বলেন, ফুটবল আইনের সংশোধিত নয়া সংস্করণ প্রতি বছর জুন মাসে প্রকাশ করে বিশ্ব ফুটবল নিয়ামক সংস্থা। রেফারিদের কাছে এই বইটি নিজ নিজ ধর্মগ্রন্থের সমান হিসেবে মর্যাদার। প্রতিনিয়ত এই বই থেকে শিখতে হবে। অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন নন্দু দুলাল রায়, চন্দন শর্মা, নির্মল ভট্টাচার্য, সচিব শৈলেন্দ্রচন্দ্র দাস প্রমুখ। দিলীপরঞ্জন নন্দী ও নন্দু দুলাল রায়কে কমিটির তরফে উত্তরীয় ও স্মারক দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সভায় ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন আয়োজক কমিটির কিশোর ভট্টাচার্য। সভায় নির্মল সিং, সমীর সিনহা সহ অন্যান্য সিনিয়র রেফারিরা উপস্থিত ছিলেন।



