বরাক তরঙ্গ, ৭ জুন : অবশেষে ত্রিপুরার আকাশে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করল দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। ভারতীয় আবহাওয়া দপ্তর-এর আগরতলা আবহাওয়া কেন্দ্র এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৭ জুন ২০২৬ তারিখে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ত্রিপুরা রাজ্যের কিছু অংশে প্রবেশ করেছে।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ত্রিপুরায় মৌসুমি বায়ুর প্রবেশ এ বছর স্বাভাবিক সময়ের তুলনায় দুই দিন বিলম্বে হয়েছে। সাধারণত ৫ জুনের মধ্যে রাজ্যে মৌসুমি বায়ুর আগমন ঘটে থাকে। তবে চলতি বছরে তা ৭ জুন প্রবেশ করেছে।
প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২৫ সালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ২৬ মে রাজ্যের সর্বত্র প্রবেশ করেছিল, যা ছিল স্বাভাবিক সময়ের তুলনায় অনেকটাই আগে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ত্রিপুরার বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ুর অগ্রগতির ফলে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।



