মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৪ সেপ্টেম্বর : টানটান উত্তেজনাপূর্ণ ফাইনালে আয়োজক ছলামনা আসাম এফসিকে ৩-১ গোলে পরাজিত করে পুরাতন ছলামনা ও উত্তর-দক্ষিণ ছলামনা নকআউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল ইছারপার ইয়ং স্টার ক্লাব। ফাইনাল ঘিরে মাঠে ছিল দর্শকদের ব্যাপক ভিড় ও উৎসাহ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইছারপার ইয়ং স্টার। প্রথমার্ধের প্রায় ২০ মিনিটের মাথায় জে. হালামের হেডে গোল করে এগিয়ে যায় তারা। এরপর ডি-বক্সের বাইরে থেকে এম. হালামের দুর্দান্ত শটে দ্বিতীয় গোল পায় ইয়ং স্টার। ফলে প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে ইছারপার ইয়ং স্টার। প্রায় ৩০ মিনিটের মাথায় বি. হালামের গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। শেষ পর্যন্ত ছলামনা আসাম এফসি লড়াই চালিয়ে গেলেও ইয়ং স্টারের রক্ষণ ভেদ করতে পারেনি। নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মানিক চরাই একটি গোল শোধ করলেও ম্যাচের ফল বদলায়নি। ৩-১ গোলে জয় পেয়ে শিরোপা নিশ্চিত করে ইছারপার ইয়ং স্টার।
ফাইনাল পরিচালনা করেন আক্তার হোসেন, বুরহান উদ্দিন ও ফয়জুর রহমান।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআরসিসি অমিত ঘোষ, ঝেরঝেরি জিপির প্রাক্তন সভাপতি আব্দুল মান্নান, প্রাক্তন প্রধান শিক্ষক আকবর আলী, ওয়ার্ড সদস্য সাহিন আক্তার ও নুর ইসলাম-সহ আয়োজক কমিটির কর্মকর্তারা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শৃঙ্খলাবদ্ধ ও ইতিবাচক পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রামীণ এলাকার প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দিতে এ ধরনের প্রতিযোগিতা আরও বেশি আয়োজনের প্রয়োজন বলেও তাঁরা উল্লেখ করেন।
শেষে চ্যাম্পিয়ন ইছারপার ইয়ং স্টার ক্লাব ও রানার্স-আপ ছলামনা আসাম এফসির হাতে ট্রফি ও নগদ পুরস্কার তুলে দেওয়া হয়।



