বরাক তরঙ্গ, ১৭ মে : রবিবার শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির আয়োজনে মহান ১৯ মের ভাষা শহিদ দিবস শ্রদ্ধাঞ্জলি কর্মসূচির অংশ হিসেবে একটি স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক বিভাগের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় এবং বৃহত্তর মেহেরপুর এলাকার জনসাধারণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করেন।শিবিরে শিলচর মেডিক্যাল কলেজের ডাঃ তপন নার্জারির নেতৃত্বে একটি বিশাল মেডিক্যাল টিম রক্তদান কার্যক্রম সম্পন্ন করে। রক্তদানকারীদের প্রত্যেককে মেডেল, সার্টিফিকেট এবং রিফ্রেশমেন্ট প্রদান করা হয়।
চিকিৎসা শিবিরে প্রায় ১৫০ জন রোগীর চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয় এবং তাদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়। টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড, করোনা রেমেডিস লিমিটেড এবং এবট ল্যাবরেটরিজ লিমিটেডের উদিচ্ছায়ের অংশ হিসেবে রোগীদের বিনামূল্যে রক্ত পরীক্ষার সুবিধাও প্রদান করা হয়; পরীক্ষার মধ্যে ছিল ব্লাড সুগার, থাইরয়েড, হিমোগ্লোবিন এবং লিভার ফাংশন টেস্ট ইত্যাদি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ ভবতোষ রায়, ডাঃ শিশিরাংশু দাস মজুমদার, ডাঃ পূর্বা মজুমদার, ডাঃ বাসব বিজয় রায় এবং ডাঃ বিশ্বজ্যোতি দাস সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। শিবির সফলভাবে সম্পন্ন হওয়ায় শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির পক্ষ থেকে শিলচর মেডিক্যাল কলেজের সম্পূর্ণ টিম, অংশগ্রহণকারী ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এবং চিকিৎসকদের সম্মানসূচক শংসাপত্র প্রদান করা হয়।শংসাপত্র প্রদান করেন শিবালিক পার্ক ডেভেলাপমেন্ট কমিটির সভাপতি শ্রী সুদীপ্ত দেবরায়, সহ-সভাপতি অঞ্জন স্বামী ও অমীয় মোদক এবং সম্পাদক দেবাশিস পাল। অনুষ্ঠানে আশিস তরু পাল ও শিবালিক পার্ক মণ্ডপ কমিটি সভাপতি ওঙ্কারনাথ রায় সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।



