বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৮ সেপ্টেম্বর : আসন্ন শিলচর পুর নিগম নির্বাচনকে ঘিরে প্রচার তুঙ্গে। এরই মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের আব্দুল সাত্তার বড় লস্কর লেনে নির্দল প্রার্থী পূজা দাসের সমর্থনে অনুষ্ঠিত হল নির্বাচনী জনসভা। সভায় উপস্থিত ছিলেন পূজা দাসের বাবা তথা সমাজসেবী সুজিত দাস-সহ এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বয়োজ্যেষ্ঠ নাগরিকরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী পূজা দাস ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যার কথা তুলে ধরেন। তাঁর দাবি, ওয়ার্ডের রাস্তাঘাট, গলিপথ, পথবাতি ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবার ক্ষেত্রে এখনও একাধিক সমস্যা রয়েছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাঘাটের বেহাল অবস্থার কারণে স্কুলপড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয় বলে তিনি উল্লেখ করেন।
পূজা দাসের আরও দাবি, রাতের সময়ে পর্যাপ্ত পথবাতির অভাবে মহিলা, শিশু ও বয়স্কদের চলাচলে সমস্যা দেখা দেয়। ওয়ার্ডের নাগরিক পরিষেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রয়োজন রয়েছে বলেও তিনি সভায় মত প্রকাশ করেন।

নির্দল প্রার্থী বলেন, জনগণ তাঁকে নির্বাচিত করে পৌরনিগমে পাঠালে আগামী পাঁচ বছর এলাকার মানুষের মতামত ও প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন। ৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে সেগুলির সমাধানে উদ্যোগী হওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
এদিনের সভায় বক্তব্য রাখেন অন্যান্য বক্তারাও। তাঁরা পূজা দাসের পক্ষে সমর্থন ব্যক্ত করে তাঁকে নির্বাচনে জয়ী করার আহ্বান জানান। সভাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও নির্বাচনী আবহ তৈরি হয়।



