বরাক তরঙ্গ, ২৯ মে : ৫০৩০ মিটার উচ্চতার দুর্গম মাউন্ট রেনোক জয় করে বরাক উপত্যকার ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন শ্রীভূমির কন্যা তথা করিমগঞ্জ কলেজের ছাত্রী রাজশ্রী রায়। তার এই অসাধারণ সাফল্যে গর্বিত গোটা শ্রীভূমি তথা বরাক উপত্যকা। এই ঐতিহাসিক কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার বিজেপির শ্রীভূমি শহর মহিলা মোর্চার উদ্যোগে রাজশ্রী রায়কে সংবর্ধনা জানানো হয়। রাজশ্রীর বাড়িতে গিয়ে উত্তরীয় পরিয়ে ও সম্মান স্মারক তুলে দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান মহিলা মোর্চার শহর মণ্ডল সভানেত্রী রুবি মল্লিক, উপ-সভানেত্রী উমা পাল, সম্পাদিকা রূপাঞ্জলি দে, প্রচার সম্পাদিকা সন্ধ্যা কর সহ অন্যান্য সদস্যরা।
এদিন রুবি মল্লিক বলেন, ‘৪ আসাম বিএন এনসিসি-এর অধীনে পরিচালিত দুঃসাহসিক অভিযানে অংশ নিয়ে রাজশ্রী রায় শুধু নিজের স্বপ্ন পূরণ করেননি, বরং বরাক উপত্যকার প্রথম তরুণী হিসেবে মাউন্ট রেনোক জয় করে এক বিরল সম্মান অর্জন করেছেন। তাঁর এই সাফল্য সমগ্র শ্রীভূমি তথা বরাকবাসীর জন্য গর্বের বিষয়।’
তিনি আরও বলেন, পাহাড়ি দুর্গম পথ, প্রতিকূল আবহাওয়া, তীব্র ঠান্ডা, অক্সিজেনের স্বল্পতা এবং দীর্ঘ শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মধ্য দিয়েও অদম্য সাহস ও আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে গিয়ে রাজশ্রী প্রমাণ করেছেন; দৃঢ় সংকল্প থাকলে কোনও বাধাই মানুষের অগ্রযাত্রাকে থামাতে পারে না। মাউন্ট রেনোক জয়ের মতো কঠিন অভিযানে শারীরিক সক্ষমতার পাশাপাশি প্রয়োজন মানসিক দৃঢ়তা, শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ। সেই কঠিন পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে রাজশ্রী রায় আজ বরাক উপত্যকার গর্বে পরিণত হয়েছেন বলে মত প্রকাশ করেন উপস্থিত সদস্যরা। রাজশ্রীর এই ঐতিহাসিক সাফল্য আগামী প্রজন্মকে দুঃসাহসিক অভিযানে উৎসাহ ও অনুপ্রেরণা জোগাবে বলেও আশা প্রকাশ করা হয়।



