শুভ দাস, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৯ জুন : শিক্ষা, নেতৃত্ব ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনার লক্ষ্যে আগামী ৩০ জুন শিলচর উইমেন্স কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ১০.০ ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে, দ্য টাইমস অব ইন্ডিয়ার সহযোগিতায়, নেরিম গ্রুপ অব ইনস্টিটিউশনস ও জেআইএস গ্রুপ এর পৃষ্ঠপোষকতায় এবং উইমেন্স কলেজ, শিলচরের অনুপ্রেরণায় আয়োজিত এই শিক্ষামূলক সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষাক্ষেত্রের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
এই মর্যাদাপূর্ণ অনুষ্ঠানে করিমগঞ্জ কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. বিশ্বজিৎ ভট্টাচার্য প্যানেলিস্ট হিসেবে অংশগ্রহণ করবেন। দীর্ঘদিন ধরে উচ্চশিক্ষা, বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় তাঁর অবদান শিক্ষাঙ্গনে বিশেষভাবে সমাদৃত। তাঁর অভিজ্ঞতা, গবেষণামূলক দৃষ্টিভঙ্গি এবং শিক্ষা বিষয়ক চিন্তাধারা কনক্লেভের আলোচনাকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে শিক্ষা ব্যবস্থার বর্তমান প্রেক্ষাপট, নেতৃত্বের গুরুত্ব, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নতুন সুযোগ-সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হবে। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং শিক্ষানুরাগীদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে বিবেচিত হচ্ছে। আসছেন আরোও বিশিষ্ট ব্যক্তিগণ, ব্যতিক্রম এডুকেশন কনক্লেভ ১০.০-এ ড. বিশ্বজিৎ ভট্টাচার্যের অংশগ্রহণ করিমগঞ্জ ও বরাক উপত্যকার শিক্ষা জগতের জন্য গৌরবের বিষয় বলে মনে করছেন শিক্ষামহল। তাঁর উপস্থিতি অনুষ্ঠানটির মর্যাদা আরও বৃদ্ধি করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।



