পাথারকান্দিতে ইয়াবাসহ গ্রেফতার ১

Spread the news

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১০ জুন : শ্রীভূমি জেলা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন থানার ধারাবাহিক অভিযানে একের পর এক মাদক পাচারকারী গ্রেফতার হওয়ার পাশাপাশি বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্যও উদ্ধার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার বড়সড় সাফল্য পেল পাথারকান্দি পুলিশ।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে আসাম-ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়কের পাথারকান্দির ময়না বাইপাস এলাকা থেকে আনুমানিক ৩০ লক্ষ টাকা মূল্যের ১০ হাজার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, পাথারকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস জ্যোতি বড়োর কাছে গোপন খবর আসে যে জাতীয় সড়ক ব্যবহার করে একটি বড় মাদকের চালান পাচারের পরিকল্পনা রয়েছে। খবর পাওয়ার পরই ওসির নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ময়না বাইপাস এলাকায় নজরদারি শুরু করে।

অভিযান চলাকালীন এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে রাস্তা পার হতে দেখে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে কালো প্লাস্টিকে মোড়ানো পাঁচটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলো খুলে পুলিশ ১০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ধৃত ব্যক্তির পরিচয় কামাল উদ্দিন ধলছড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। উদ্ধার হওয়া মাদকসহ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কামাল উদ্দিন একটি বৃহত্তর মাদক পাচার চক্রের হয়ে বাহক হিসেবে কাজ করছিল। মোটা অঙ্কের অর্থের প্রলোভন দেখিয়ে তাকে এই কাজে ব্যবহার করা হচ্ছিল বলে তদন্তে উঠে এসেছে। তবে পুলিশের তৎপরতা ও সময়োচিত অভিযানের ফলে পাচারকারীদের পরিকল্পনা ভেস্তে যায়। ঘটনার পর এলাকাবাসী ও সচেতন মহল পুলিশের এই সাফল্যের প্রশংসা করেছেন। ধৃতের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পাথারকান্দি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *