বরাক তরঙ্গ, ১ সেপ্টেম্বর: মণিপুরের কাংপোকপি এলাকায় গুরুত্বপূর্ণ IT রোড বড় বড় পাথর ও বোল্ডার ফেলে অবরোধ করার অভিযোগ উঠেছে। এর ফলে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের দাবি, কুকি সম্প্রদায়ের কয়েকজন ব্যক্তি সড়কে পাথর ফেলে এই অবরোধ তৈরি করেছেন। তবে অবরোধকারীদের পরিচয় ও ঘটনার কারণ প্রশাসনের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, IT রোডটি টাপন নাগা-সহ আশপাশের একাধিক নাগা গ্রামের মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ মাধ্যম। সড়ক অবরোধের কারণে প্রতিদিনের যাত্রী, পড়ুয়া, রোগী এবং স্থানীয় বাসিন্দাদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে।
সাধারণ মানুষের স্বার্থে দ্রুত অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার জন্য কাংপোকপির ডেপুটি কমিশনার, মণিপুর পুলিশ এবং আসাম রাইফেলসের কাছে হস্তক্ষেপের আবেদন জানানো হয়েছে। স্থানীয় সূত্রের দাবি, ঘটনাটি নিয়ে এলাকায় উদ্বেগ তৈরি হলেও শান্তি বজায় রাখার পাশাপাশি সকলের জন্য সরকারি সড়কে অবাধ যাতায়াত নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।



