জমি বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত নাবালিকাসহ অন্তত ১২ জন, উত্তেজনা

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিবাদকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তাল হয়ে উঠল হাতিখাল বাজার এলাকা। দুই পক্ষের সংঘর্ষে পুরুষ-মহিলা মিলিয়ে অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দশম শ্রেণীর এক ছাত্রীসহ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে   জানা গেছে। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাতিখাল বাজারের বাসিন্দা জামাল উদ্দিন ও আফতাব উদ্দিন এই দুই পক্ষের মধ্যে বাজার এলাকার একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল। অভিযোগ, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে আফতাব উদ্দিন পক্ষের ২০–২৫ জন লোক দলবদ্ধভাবে অস্ত্রশস্ত্র নিয়ে জামাল উদ্দিন পক্ষের বাড়িতে হামলা চালায়। আকস্মিক হামলায় জামাল উদ্দিন পক্ষের নাবালিকাসহ মোট ১০ জন গুরুতরভাবে আহত হন। পাল্টা আক্রমণে অপর পক্ষের দুইজন সামান্য আহত হয়েছেন।

জামাল উদ্দিন পক্ষের আহতরা হলেন  জামাল উদ্দিন, রাবিয়া বেগম, আনরা বেগম, বাহারুল ইসলাম, মুক্তারুল ইসলাম, আক্তারুল ইসলাম, আব্দুল গফুর, আব্দুল হেকিম, সহিব আহমেদ ও মনোয়ারা বেগম। অপরপক্ষের আহত দুইজন হলেন আফতাব উদ্দিন ও সইদুল ইসলাম।

ঘটনার পর থেকে হাতিখাল বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ নজরদারি বাড়িয়েছে। ইতিমধ্যে উভয় পক্ষের তরফে কচুদরম থানা-য় পৃথক মামলা দায়ের করা হয়েছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত তদন্ত শুরু করেছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *