বরাক তরঙ্গ, ২৭ মে : মণিপুরের জিরিবাম জেলায় বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী আইইডি উদ্ধার করেছে আসাম রাইফেলস। উদ্ধার হওয়া বিস্ফোরকের মোট ওজন প্রায় ৪.৫ কেজি বলে জানা গেছে। রাজ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষিতে আসাম রাইফেলস গোটা এলাকায় নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। বাহিনীর দাবি, সময়মতো এই বিস্ফোরকগুলি উদ্ধার করা সম্ভব না হলে বড় ধরনের প্রাণহানি ও ব্যাপক সম্পত্তির ক্ষয়ক্ষতি ঘটতে পারত।
আসাম রাইফেলস জানিয়েছে, জিরিবামে শান্তি ও আইনশৃঙ্খলা বজায় রাখতে তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ চালিয়ে যাচ্ছে। দুষ্কৃতীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও স্পষ্ট জানানো হয়েছে। ইতিমধ্যেই চিহ্নিত সন্দেহভাজনদের নজরদারিতে রাখা হয়েছে বলে সূত্রের খবর। এদিকে, এলাকায় শান্তি বজায় রাখতে আসাম রাইফেলসের তৎপরতা ও ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।



