আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ হবে স্কুটি প্রদান! অসম সরকারের বাজেটে ঘোষণা

Spread the news

বরাক তরঙ্গ, ১০ জুলাই : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় মেয়াদের প্রথম বাজেট পেশ করেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়া। বাজেটে ঘোষণা করা হয়েছে, শিক্ষা সম্পন্ন করে কর্মসংস্থান পাওয়ার আগের সময়ে ৪৮,৩৬৬ জন স্নাতক ডিগ্রিধারীকে ‘জীবন প্রেরণা’ প্রকল্পের আওতায় মাসিক ২,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আগামী সেপ্টেম্বর মাস থেকে এই প্রকল্প চালু হবে।

এছাড়া ‘নিযুত মইনা’ প্রকল্পের অর্থ বিতরণ অক্টোবর মাস থেকে শুরু হবে। তবে ড. বাণীকান্ত কাকতি মেধা বৃত্তির স্কুটি বিতরণ আগামী শিক্ষাবর্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে। পরিবর্তে ‘নিযুত মইনা’ ও ‘নিযুত বাবু’ প্রকল্পকে আরও শক্তিশালী করার কথা ঘোষণা করা হয়েছে।

অর্থমন্ত্রী জানান, ‘অরুণোদয়’ রাজ্যের বৃহত্তম সামাজিক সহায়তা প্রকল্পগুলির অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই প্রায় ৪০ লক্ষ পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আগামী আগস্ট মাস থেকে অরুণোদয়ের অর্থ বিতরণ পুনরায় শুরু হবে। একইসঙ্গে প্রকৃত উপভোক্তাদের অন্তর্ভুক্ত করা এবং অযোগ্যদের বাদ দেওয়ার জন্য স্বচ্ছ ও ধারাবাহিক যাচাই প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, ‘অরুণোদয় প্লাস’-এর মাধ্যমে শহিদ কুশল কোঁওর সার্বজনীন বৃদ্ধ পেনশন প্রকল্প এবং বিধবা পেনশন প্রকল্পের সুবিধা প্রদান অব্যাহত থাকবে।

এছাড়া আগস্ট মাস থেকে জাতীয় খাদ্য সুরক্ষা আইনের (NFSA) আওতাধীন রেশন কার্ডধারীদের ভর্তুকি মূল্যে মসুর ডাল ও চিনি সরবরাহ করা হবে। পশ্চিম এশিয়ার সংকটের কারণে এই দুই নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির বিষয়টি বিবেচনা করে ভর্তুকির পরিমাণ বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হবে।

সরকার ভবিষ্যতে এই তালিকায় সরিষার তেল অন্তর্ভুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখবে। এ ক্ষেত্রে স্থানীয়ভাবে উৎপাদিত সরিষার তেলের প্রসার ঘটানো এবং রাজ্যের কৃষকদের সহায়তা করাই সরকারের অগ্রাধিকার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *