মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জুন : অসম কংগ্রেস পরিষদীয় দলে গুরুত্বপূর্ণ সাংগঠনিক রদবদল ঘটিয়ে চার বিধায়কের হাতে নতুন দায়িত্ব তুলে দিল সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্ব। এই রদবদলের ফলে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী ডেপুটি চিফ হুইপ পদে নিযুক্ত হওয়ায় জেলা কংগ্রেস ও দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার হয়েছে।
সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক K. C. Venugopal-এর স্বাক্ষরিত এক পত্রে জানানো হয়েছে, কংগ্রেস সভাপতি অসম কংগ্রেস পরিষদীয় দলের জন্য চারজন বিধায়ককে গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব প্রদানের প্রস্তাব অনুমোদন করেছেন।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, বিধায়ক আব্দুর রহিম আহমেদকে চিফ হুইপ, দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে ডেপুটি চিফ হুইপ, বিধায়ক ড. আসিফ মোহাম্মদ নাজারকে সচিব এবং বিধায়ক আফতাব উদ্দিন মোল্লাকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি, এই সিদ্ধান্ত কার্যকর করতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি Gaurav Gogoi-কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের মতে, বিধানসভায় কংগ্রেসের ভূমিকা আরও কার্যকর ও শক্তিশালী করে তোলা, দলীয় শৃঙ্খলা সুসংহত করা এবং সাংগঠনিক সমন্বয় বাড়ানোর লক্ষ্যেই এই দায়িত্ব বণ্টন করা হয়েছে। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে পরিষদীয় কার্যক্রমে নতুন গতি আসবে বলেও মনে করা হচ্ছে।
এদিকে, আমিনুর রশিদ চৌধুরীকে ডেপুটি চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই এবং দলীয় কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। তাঁদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, জনসংযোগ এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতিস্বরূপই এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়ে আমিনুর রশিদ চৌধুরী সর্বভারতীয় কংগ্রেস নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি কংগ্রেস নেত্রী Sonia Gandhi, নেতা Rahul Gandhi, কে. সি. ভেনুগোপাল এবং গৌরব গগৈকে ধন্যবাদ জানিয়ে বলেন, “দল যে আস্থা ও দায়িত্ব আমার ওপর অর্পণ করেছে, তা নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধের সঙ্গে পালন করার সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সকলে মিলে অসম কংগ্রেস পরিষদীয় দলকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনমুখী করে তুলতে কাজ করব।”
তিনি আরও বলেন, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতাদের সমন্বিত নেতৃত্বে কংগ্রেসের পরিষদীয় কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে এবং সাধারণ মানুষের স্বার্থে দলের অবস্থান আরও দৃঢ় হবে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, এই সাংগঠনিক পুনর্বিন্যাস আগামী দিনে অসমে কংগ্রেসের রাজনৈতিক ও সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জের একজন বিধায়কের হাতে ডেপুটি চিফ হুইপের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় জেলার রাজনৈতিক গুরুত্বও নতুন করে সামনে এসেছে।



