দিলোয়ার বড়ভূইয়া।
বরাক তরঙ্গ, ৩ অক্টোবর : গান্ধী জয়ন্তী উপলক্ষে ধলাই কেন্দ্রের উন্নয়ন ও জনসেবামূলক একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরই অংশ হিসেবে বড়জালেঙ্গা উন্নয়ন ব্লকের অন্তর্গত চাঙ্গারিটিলা এলাকায় ‘জল অর্পণ দিবস’ উপলক্ষে নতুন জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন করা হয়। শুক্রবার আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন ধলাই বিধায়ক অমিয়কান্তি দাশ। চাঙ্গারিটিলা জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের পানীয় জলের চাহিদা পূরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়। নিরাপদ ও পর্যাপ্ত পানীয় জল মানুষের জীবনযাত্রার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ায় প্রকল্পটিকে এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ পরিকাঠামোগত উদ্যোগ হিসেবে তুলে ধরা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়জালেঙ্গা উন্নয়ন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত সভানেত্রী বুল্টি দেব, বিশিষ্ট ব্যবসায়ী দেবজিৎ দেব, জনস্বাস্থ্য কারিগরি বিভাগের আধিকারিক, স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের কার্যকর্তা ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অমিয়কান্তি দাশ বলেন, চাঙ্গারিটিলা জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনের মধ্য দিয়ে ‘বিকশিত ধলাই’-এর লক্ষ্যে উন্নয়নের কাজ আরও একধাপ এগিয়ে গেল। সাধারণ মানুষের চাহিদা ও সমস্যাকে অগ্রাধিকার দিয়ে ধলাই কেন্দ্রের উন্নয়নমূলক কাজ ধারাবাহিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াই তাঁর লক্ষ্য বলে জানান তিনি। মানুষের অংশগ্রহণকে সঙ্গে নিয়ে ধলাইকে আরও উন্নত করে গড়ে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন বিধায়ক।
এদিকে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত পালিত ‘সেবা মাস’-এর কর্মসূচির অংশ হিসেবেও এদিন বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়। গান্ধী জয়ন্তী উপলক্ষে নিজের বুথ কেন্দ্রের পাশাপাশি আমড়াঘাট বাজার এলাকায় স্বচ্ছতা অভিযানে অংশ নেন বিধায়ক।



