বরাক তরঙ্গ, ২ জুলাই : মিজোরামের কলাসিব জেলায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অসমের দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিনোদিনী জিপির বালিয়া গ্রামের তিন যুবক সাদ্দাম হোসেন, মাসুকুর রহমান এবং এ কে ইমদাদুল্লাহর অকাল মৃত্যুতে সমগ্র দক্ষিণ শ্রীভূমি জেলায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রাণচঞ্চল তিন তরুণের এমন আকস্মিক মৃত্যু শুধু তাঁদের পরিবারকেই নয়, পুরো এলাকাবাসীকেই শোকাহত করেছে।
এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভার বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। এক শোকবার্তায় তিনি বলেন, সম্ভাবনাময় তিনটি তরতাজা প্রাণের এমন অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে মর্মাহত করেছে। বিধায়ক নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মিজোরামের কলাসিব জেলায় সংঘটিত এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দক্ষিণ করিমগঞ্জের বালিয়া গ্রামের তিন যুবকের মৃত্যুতে সমগ্র এলাকায় শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।



