মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২০ আগস্ট : ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে অসম বিধানসভায় নতুন দায়িত্বের পথচলা শুরু করলেন দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বৃহস্পতিবার নবনির্বাচিত ১৬তম অসম বিধানসভার সদস্যদের প্রথম যৌথ উদ্বোধনী অধিবেশনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তাঁর নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন।
ঐতিহাসিক এই মুহূর্তে চৌধুরীর বক্তব্যে উঠে আসে দক্ষিণ করিমগঞ্জের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং তাঁদের প্রত্যাশা পূরণের দৃঢ় অঙ্গীকার। তিনি বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষ তাঁর ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই হবে তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।
বিধায়ক জানান, বিধানসভায় দক্ষিণ করিমগঞ্জের মানুষের সমস্যা ও দাবিগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা, জনস্বার্থের বিষয় এবং এলাকার উন্নয়নের প্রয়োজনীয়তা বিধানসভায় যথাযথভাবে তুলে ধরে সমাধানের জন্য আন্তরিকভাবে কাজ করবেন তিনি।
শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল ও কর্মসংস্থানের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে অগ্রাধিকার দেওয়ার কথাও জানান আমিনুর রশিদ চৌধুরী। একই সঙ্গে মানুষের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
তাঁর কথায়, এই অধিবেশন শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা নয়, বরং রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের সূচনা। এই যাত্রায় দক্ষিণ করিমগঞ্জের মানুষের ভালোবাসা, দোয়া, সমর্থন ও প্রত্যাশাই তাঁর সবচেয়ে বড় শক্তি।
নির্বাচিত প্রতিনিধির কাছে এখন দক্ষিণ করিমগঞ্জবাসীর প্রত্যাশা—বিধানসভায় তাঁদের সমস্যার কথা জোরালোভাবে তুলে ধরে অধিকার আদায় ও উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার খুলবেন তিনি। তাঁর এই নতুন পথচলার সাফল্যের দিকে তাকিয়ে রয়েছেন দক্ষিণ করিমগঞ্জসহ সমগ্র শ্রীভূমি জেলাবাসী।



