মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১১ জুন : পাথারকান্দিতে সম্প্রতি সংঘটিত নির্যাতনের ঘটনায় আহত দুই ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজখবর নিতে বৃহস্পতিবার শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যান দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন কাছাড় জেলা কংগ্রেসের সভাপতি আচার্য্যি এবং নাগরিক সুরক্ষা কমিটি, শ্রীভূমি (করিমগঞ্জ)-এর একটি প্রতিনিধি দল।
হাসপাতালে পৌঁছে প্রতিনিধিদলটি চিকিৎসাধীন দুই নির্যাতিত ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের শারীরিক অবস্থার খোঁজ নেয়। পরে মেডিক্যাল কলেজের সুপারিনটেনডেন্ট ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করে আহতদের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। একই সঙ্গে তাঁদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার দাবিও জানানো হয়।
আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিধায়ক বলেন, মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের মতো ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার আহ্বানও জানান তিনি। প্রতিনিধিদলের সদস্যরা বলেন, সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে এ ধরনের ঘটনার বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে সোচ্চার হতে হবে। নির্যাতনের শিকার ব্যক্তিদের পাশে দাঁড়ানো এবং তাঁদের ন্যায়বিচার নিশ্চিত করা সমাজের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব বলেও তাঁরা উল্লেখ করেন।

হাসপাতাল পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি আক্রান্ত পরিবারগুলোর প্রতি পূর্ণ সমর্থন ও সহযোগিতার আশ্বাস দেয়। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও পুনর্ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, পাথারকান্দির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন ক্ষোভ প্রকাশের পাশাপাশি নির্যাতিতদের পাশে দাঁড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রেক্ষাপটে বিধায়ক চৌধুরীর হাসপাতাল পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সচেতন মহল।



