বরাক তরঙ্গ, ১৯ জুলাই : রূপম সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে আসাম সরকারের মন্ত্রী কৌশিক রায়ের এক দীর্ঘ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার লক্ষীপুরে মন্ত্রীর বাসভবনে সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পালের নেতৃত্বে প্রতিনিধি দল উত্তরীয়, পুষ্পস্তবক ও মানপত্র প্রদান করে তাঁকে সংবর্ধনা জানায়।
সংবর্ধনার পর অনুষ্ঠিত বৈঠকে জনস্বার্থ, সংস্কৃতি ও উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকে শিলচর জেলা গ্রন্থাগারের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানানো হয়। পাশাপাশি গ্রন্থাগারের ভাড়া এমনভাবে নির্ধারণের অনুরোধ করা হয়, যাতে শহরের সাহিত্য, সাংস্কৃতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি স্বল্প ব্যয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে পারে। মন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন। শিলচর শহরের বিভিন্ন সড়কের বেহাল অবস্থাও বৈঠকে উঠে আসে। এ প্রসঙ্গে কৌশিক রায় জানান, বর্ষাকালের কারণে রাস্তা সংস্কারের কাজ ব্যাহত হচ্ছে। তবে আবহাওয়া অনুকূল হলেই দ্রুত মেরামতির কাজ শুরু হবে এবং পর্যায়ক্রমে শহরের সড়ক সমস্যার সমাধান করা হবে।
বৈঠকে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী ধামাইল নৃত্যের সংরক্ষণ ও প্রসারের বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মন্ত্রী বলেন, গুয়াহাটিতে যেমন বৃহৎ পরিসরে বিহু ও ঝুমুর নৃত্যের আয়োজন হয়েছে, তেমনি বরাকেও ধামাইল নৃত্যকে বৃহৎ পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে শীঘ্রই বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে আলোচনা করে পরিকল্পনা গ্রহণ করা হবে বলে তিনি জানান। রূপম সাংস্কৃতিক সংস্থা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে একে বরাকের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করে। এছাড়া রূপম সাংস্কৃতিক সংস্থার দীর্ঘদিনের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রশংসা করে ভবিষ্যতেও সংস্থার বিভিন্ন উদ্যোগে সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী কৌশিক রায়।
প্রতিনিধি দলে ড. বিভাস দেব, রাজকুমার পাল, জয় বরদিয়া, দেবব্রত পাল, কল্যাণ পাল, উত্তম সরকার, নির্মল দাস, নীলাঞ্জন পাল, তৃপ্তি দেব, মনিকা রায়সহ সংস্থার অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। বৈঠক শেষে প্রতিনিধি দল আশা প্রকাশ করে, আলোচনায় উত্থাপিত জনস্বার্থমূলক বিষয়গুলির দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসন ও নাগরিক সমাজের পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।



