বাঁশকান্দি পুলিশের অভিযানে মরফিনসহ জিরিবামের যুবক গ্রেফতার

Spread the news

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৫ সেপ্টেম্বর : মাদক পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে বাঁশকান্দি পুলিশ। ধৃত যুবকের নাম আয়ুব হোসেন (৩১)। তাঁর পিতার নাম আসিক উদ্দিন। তিনি প্রতিবেশী মণিপুরের জিরিবাম জেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাতে বাশকান্দি থানার উজান তারাপুর এলাকায় জাতীয় সড়কে অভিযান চালিয়ে আয়ুব হোসেনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৯৯১ গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এরপর তাঁকে গ্রেফতার করে বাশকান্দি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর ধৃত যুবকের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। সোমবার তাঁকে আদালতে হাজির করা হয়। মাদক পাচারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

উল্লেখ্য, জিরিবাম থেকে কাছাড় জেলায় মাদক প্রবেশের অভিযোগ দীর্ঘদিনের। মাদকবিরোধী অভিযানে কাছাড় পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে পাচারকারীদের গ্রেফতার করছে। বাঁশকান্দিতে ৯৯১ গ্রাম মরফিন উদ্ধারের ঘটনাকে পুলিশের মাদকবিরোধী অভিযানের একটি উল্লেখযোগ্য সাফল্য হিসেবে দেখা হচ্ছে। তবে ধারাবাহিক অভিযানের পরও মাদক পাচার পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *