হাইলাকান্দিতে আসাম রাইফেলস ও ডিআরআইর যৌথ অভিযানে ৩২৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার, ধৃত এক

Spread the news

বরাক তরঙ্গ, ১৬ সেপ্টেম্বর : সংগঠিত মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস ও ডিরেক্টরেট অব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)। মঙ্গল ও বুধবার যৌথ অভিযানে হাইলাকান্দি জেলার রামনাথপুর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের পরিমাণ ১০৯.২০০ কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৩২৭ কোটি টাকা বলে জানানো হয়েছে।

নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ ও ১৬ সেপ্টেম্বর রামনাথপুর এলাকায় অভিযান চালায় আসাম রাইফেলস ও ডিআরআই, শিলচরের যৌথ দল। অভিযানে ৫৪৬টি প্যাকেটে রাখা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি দু’টি ট্রাক, একটি মোবাইল ফোন, একটি আধার কার্ড এবং একটি ড্রাইভিং লাইসেন্সও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়।

আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধারের এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সাফল্য। এর ফলে আন্তঃরাজ্য মাদক পাচারের সঙ্গে যুক্ত চক্রের সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়েছে বলে দাবি করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তি, উদ্ধার হওয়া মাদক, দুটি ট্রাক এবং অন্যান্য বাজেয়াপ্ত সামগ্রী পরবর্তী তদন্ত ও আইনি পদক্ষেপের জন্য ডিআরআই, শিলচরের কাছে হস্তান্তর করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের দ্রুত আদান-প্রদান এবং দুই সংস্থার সমন্বিত অভিযানের ফলেই এই সাফল্য এসেছে বলে আসাম রাইফেলসের পক্ষ থেকে জানানো হয়েছে। সংগঠিত মাদক পাচার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *