বরাক তরঙ্গ, ২৬ মে : নগাঁওয়ের রাঙলুর বরকন্দলি এলাকায় সোমবার গভীর রাতে পুলিশ ও ডাকাত দলের মধ্যে তীব্র গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। পুলিশের গুলিতে নিহত হয় মরিকলং ডাকাতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত দুর্ধর্ষ ডাকাত খাইরুল ওরফে মণি। নিহত খাইরুলের বাড়ি লখিমপুর শহরের থানা রোড এলাকায় বলে জানা গেছে।
জানা গিয়েছে, মরিকলং ডাকাতি কাণ্ডের পর থেকেই পলাতক থাকা খাইরুল সোমবার রাতে ফের ডাকাতির উদ্দেশ্যে নগাঁওয়ে এসেছিল। ডাকাত দলের উপস্থিতির খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় ডাকাত দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পাল্টা গুলি চালায় পুলিশ। এতে খাইরুল গুলিবিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় খাইরুলকে নগাঁও মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ৭.৬৫ পিস্তল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি দা উদ্ধার করেছে।
জানা গেছে, মরিকলং ডাকাতি কাণ্ডের পর খাইরুল চেন্নাইয়ে পালিয়ে গিয়েছিল। কিছুদিন আগে সে ফের নগাঁওয়ে ফিরে এসে নতুন করে ডাকাতির পরিকল্পনা করছিল বলে পুলিশের সন্দেহ।
উল্লেখযোগ্যভাবে, নগাঁওয়ে খাইরুলের দ্বিতীয় স্ত্রী বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে দেহব্যবসা চালানোর অভিযোগ রয়েছে। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ধাবায় অভিযান চালিয়েছে পুলিশ। এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দ্বিতীয় স্ত্রীর সহযোগী রেকিব আলি বর্তমানে পলাতক বলে জানিয়েছে পুলিশ।



