রুকনিতে তলিয়ে গেল সাড়ে তিন বছরের শিশু

Spread the news

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : পরিবারের সদস্যদের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে রুকনি নদীতে তলিয়ে গেল সাড়ে তিন বছরের এক শিশু। সোমবার বিকেলের এই মর্মান্তিক ঘটনায় ভাগাবাজারের খাসপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ শিশুটির নাম ফুজায়েল আহমেদ। সে খাসপুর এলাকার বাসিন্দা শামসুদ্দিনের একমাত্র ছেলে বলে জানা গেছে। বাড়ির পাশ দিয়েই নদী বয়ে যাওয়ায় ঘটনার পর থেকেই উদ্বেগে রয়েছে পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পরিবারের সদস্যরা নিজেদের কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে সকলের অগোচরে বাড়ি থেকে বেরিয়ে যায় ছোট্ট ফুজায়েল। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন।


ভাগাবাজারের খাসপুরে মর্মান্তিক ঘটনা, সিসিটিভি ফুটেজে নদীর দিকে যেতে দেখা যায় শিশুকে

পরে বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হলে বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শিশুটিকে নদীর দিকে যেতে দেখা যায়। এরপরই পরিবারের সদস্যদের আশঙ্কা হয়, সে হয়তো নদীতে পড়ে গিয়েছে।

খবর ছড়িয়ে পড়তেই স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন এবং নদীতে শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। দীর্ঘ সময় ধরে তল্লাশি চালানো হলেও রাত পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
ঘটনার খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখে। তবে রাত নেমে যাওয়ায় অন্ধকারের কারণে নদীতে ব্যাপকভাবে তল্লাশি চালানো সম্ভব হয়নি। পরবর্তী সময়ে উদ্ধারকারী দলের সহায়তায় তল্লাশি চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, একমাত্র সন্তানকে হারিয়ে শোকে ভেঙে পড়েছে পরিবার। মর্মান্তিক এই ঘটনায় খাসপুরজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *