বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : পুলিশের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে হাইলাকান্দির পাঁচগ্রাম থানার পুলিশের হাতে গ্রেফতার হল এক যুবক। ধৃতের নাম হাসান আহমদ চৌধুরী।
পুলিশ সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে হাইলাকান্দির জানকীবাজার এলাকা থেকে একটি বাইক চুরি হয়। অভিযোগ, ওই চুরি যাওয়া বাইক উদ্ধার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিজেকে পুলিশ পরিচয় দেন হাসান চৌধুরী। এরপর এক যুবকের কাছ থেকে বাইক উদ্ধারের নামে টাকা আদায় করেন তিনি। অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই হাসান চৌধুরী গা-ঢাকা দেন। পরে ঘটনাটি নিয়ে পাঁচগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।

অবশেষে রবিবার রাতে আলগাপুর বাজার এলাকা থেকে অভিযুক্ত হাসান আহমেদ চৌধুরীকে গ্রেফতার করে পাঁচগ্রাম পুলিশ। পুলিশ সূত্রের দাবি, নিজেকে পুলিশ এবং পুলিশ সুপারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে আরও কয়েকজনের কাছ থেকেও টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি তাঁর সঙ্গে থাকা একটি গাড়িও আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



