মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১ জুলাই : পাথারকান্দি থানার অন্তর্গত মৈনা এলাকায় বুধবার বিকেল প্রায় ৩টায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। তিনটি যাত্রীবাহী যানবাহনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাথারকান্দি থেকে শ্রীভূমির উদ্দেশ্যে একটি যাত্রীবাহী ক্রুইজার রওনা হয়েছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবোঝাই অটো ও একটি অল্টো গাড়ির সঙ্গে ক্রুইজারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনটি যানবাহনই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনায় তিনটি গাড়ির চালকসহ মোট ১০ জন গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নেমে পড়েন। আহতদের উদ্ধার করে প্রথমে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁদের করিমগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে জিপিএফ নেতা বদরুল হক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির খোঁজখবর নেন। তিনি স্থানীয় বাসিন্দাদের তৎপরতার প্রশংসা করে বলেন, তাঁদের দ্রুত উদ্যোগের ফলেই আহতদের সময়মতো হাসপাতালে পাঠানো সম্ভব হয়েছে। পাশাপাশি আহতদের দ্রুত আরোগ্য কামনা করে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য প্রশাসনের কাছে দাবি জানান তিনি।
এদিকে, খবর পেয়ে পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত তিনটি যানবাহন নিজেদের জিম্মায় নেয় এবং ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বিভিন্ন দিক খতিয়ে দেখছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্ত করার পাশাপাশি দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ।



