হাইলাকান্দিতে দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবিরে ব্যাপক সাড়া, নতুন ভাবে ইউডিআইডির জন্যও আবেদন

Spread the news

বরাক তরঙ্গ, ৩১ মে : দিব্যাঙ্গ ব্যক্তিদের সনাক্তকরণ ও বিভিন্ন সরকারি সুবিধার আওতায় আনার লক্ষ্যে হাইলাকান্দি শহরের এসএস কলেজ প্রাঙ্গণে এক বিশেষ দিব্যাঙ্গ সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হয়। এমর্মে রবিবার গুয়াহাটি স্থিত ভারত সরকারের সামাজিক ন্যায় এবং অধিকার মন্ত্রকের অন্তর্গত সংযোজিত ক্ষেত্রীয় দক্ষতা উন্নয়ন,পুনর্বাসন এবং দিব্যাঙ্গজন সাবলম্বীকরণ কেন্দ্র (সিআরসি) এর উদ্যেগে এবং সর্বভারতীয় দিব্যাঙ্গ জন সহকারী সামাজিক সংগঠন সক্ষমের সহযোগিতায় এই শিবির অনুষ্ঠিত হয়। শুরুতে শিবিরের উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন সিআরসি সঞ্চালক ড. লানু ওয়ানবয় আইমুল।

শিবিরে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত ছয় শতাধিক ব্যক্তি অংশগ্রহণ করেন। হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসকরা উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য পরীক্ষা ও দিব্যাঙ্গতা সনাক্তকরণের কাজ সম্পন্ন করেন। তাঁদের সবাইকে সম্মান জানানো হয়। এছাড়াও, শিবির চলাকালীন দুই শতাধিক নতুন আবেদনকারী ইউনিক ডিজঅ্যাবিলিটি আইডি কার্ডের জন্য আবেদন জমা দেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, আগামীতে এই কার্ডের মাধ্যমে দিব্যাঙ্গ ব্যক্তিরা কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প এবং সুবিধা সহজে লাভ করতে পারবেন।

আয়োজক সংস্থার প্রতিনিধিরা জানান, সমাজের মূল স্রোতে দিব্যাঙ্গ ব্যক্তিদের আরও কার্যকরভাবে অন্তর্ভুক্ত করা এবং তাদের জন্য সরকারি পরিষেবাগুলির প্রাপ্তি সহজতর করাই এই শিবিরের প্রধান উদ্দেশ্য। শিবিরে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচির সাফল্যকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এদিন সিআরসির পক্ষে রাজ কমল পাণ্ডে ও দীপক আইচ সহ সক্ষমের প্রাক্তন জেলা সভাপতি শংকর চৌধুরী, গোবিন্দচন্দ্র নাথ, সন্দীপ দাস, অসীম দে, প্রাক্তন ওয়ার্ড কমিশনার অরুন দাস ছাড়াও এসএস কলেজের এনএসএস সদস্যরা সেচ্ছাসেবী হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে, সরকারি গাইডলাইন অনুযায়ী পুরনো ইউডিআইডি কার্ডধারীরা আগামী দিনে সহায়ক সামগ্রী পাবেন এবং নতুন করে ইউডিআইডি আবেদন কারীদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সহায়ক সামগ্রীর জন্য আবেদন করতে পারবেন বলে সিআরসি সঞ্চালক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *