মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অনুদান বিধায়ক আমিনুল হকের

Spread the news

বরাক তরঙ্গ, ২৮ জুলাই : উজান অসমে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক লক্ষ টাকা অনুদান দিলেন সোনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্কর। মঙ্গলবার দিসপুরে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে অনুদানের চেক তুলে দেন বিধায়ক।

অনুদান প্রদান প্রসঙ্গে আমিনুল হক লস্কর বলেন, প্রাকৃতিক দুর্যোগের সময় একে অপরের পাশে দাঁড়ানোই সমাজের সবচেয়ে বড় শক্তি। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুর্ভোগ কিছুটা লাঘব করা এবং পুনর্বাসন প্রক্রিয়ায় সহায়তা করার লক্ষ্যেই তাঁর এই ক্ষুদ্র উদ্যোগ।

তিনি আরও বলেন, “এই কঠিন পরিস্থিতিতে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা ও প্রার্থনা রইল। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে রাজ্য সরকার, উদ্ধারকারী দল, স্বেচ্ছাসেবক এবং সংশ্লিষ্ট সকল ব্যক্তি যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।”

বিধায়ক জানান, প্রাকৃতিক দুর্যোগের মতো সংকটময় পরিস্থিতি মোকাবিলায় সমাজের প্রতিটি স্তরের মানুষের ঐক্যবদ্ধ সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলের প্রতি আহ্বান জানান, বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিতে এবং তাদের পুনরুদ্ধারের পথে সহযোগিতা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *