রাতাবাড়িতে গলা কাটা যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার, তিনজনের বিরুদ্ধে মামলা

Spread the news

মোহাম্মদ জনি,শ্রীভূমি
বরাক তরঙ্গ, ২৩ জুলাই:
রাতাবাড়ি থানার অন্তর্গত চানমারি এলাকায় এক যুবকের গলা কাটা রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের নাম সাহিদ হোসেন (২৯)। জানা গেছে, বুধবার বিকেলে পরিচিত কয়েকজন যুবক ফোন করে সাহিদ হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাত পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির অদূরে একটি নির্জন স্থানে তাঁর রক্তাক্ত ও ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাতাবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ এবং আঘাতের প্রকৃতি নির্ধারণে মরদেহটি ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ জেলা ও অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনায় নিহতের বাবা মহব্বত আলি রাতাবাড়ি থানায় তিনজনের বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন, পূর্বপরিচিত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে তাঁর ছেলেকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে।

এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা সাহিদ হোসেনকে বাড়ি থেকে নিয়ে যায়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি। পরে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, ঘটনার পর থেকে তাঁর মোবাইল ফোন ও বাইক নিখোঁজ রয়েছে।

ঘটনার খবর পেয়ে রামকৃষ্ণনগর সমজেলার ইনচার্জ আনসুল শর্মা এবং রাতাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন বরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। নিহতের বাবা মহব্বত আলি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে চনামারী ও আশপাশের এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তৎপরতা চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *