জামিরালায় সন্ধ্যার আতঙ্ক, লোকালয়ে সাড়ে ৭ ফুটের অজগর উদ্ধার

Spread the news

মোহাম্মদ জনি,শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ২৫ আগস্ট : সন্ধ্যা নামতেই পাথারকান্দি ফরেস্ট রেঞ্জের অন্তর্গত জামিরালা গ্রামে বিশাল অজগরকে ঘিরে আতঙ্ক ছড়ায়। ৩২১ নম্বর জামিরালা এলপি স্কুল সংলগ্ন জনবসতিপূর্ণ এলাকায় প্রায় সাড়ে ৭ ফুট লম্বা একটি অজগর ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা খবর দেন বন বিভাগকে। মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে মানুষের ভিড় জমে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, সন্ধ্যার অন্ধকারে আচমকা বিশাল আকৃতির সাপটি দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। বিশেষ করে শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দেয়। খবর পেয়ে পাথারকান্দি বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মানস প্রতিম শইকিয়া বনকর্মীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

এরপর বন বিভাগের কর্মীরা সতর্কতার সঙ্গে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর অজগরটিকে নিরাপদে উদ্ধার করা হয়। অভিযানের সময় সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা হয়।

অজগর উদ্ধারের পর জামিরালার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে। বন বিভাগ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে গিয়ে পরবর্তীতে প্রাকৃতিক আবাসস্থল সুরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে। বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, লোকালয়ে সাপ বা অন্য বন্যপ্রাণী দেখা গেলে আতঙ্কিত হয়ে নিজে ধরার চেষ্টা না করে দ্রুত বনকর্মীদের খবর দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *