মুখ্যমন্ত্রীর হাতে নখের আঁচড়ের দাগ, নিতে হল টিটেনাস

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মার্চ : কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে একটি হাতকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। সেই হাতে নখের আঁচড়ের দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। আলোচিত হাতটি হল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিজেপির ‘জন আশীর্বাদ যাত্রা’র সময় বহু মানুষ ভালোবাসা থেকে মুখ্যমন্ত্রীকে স্পর্শ করতে গেলে তাঁর হাতে নখের দাগ পড়ে। এই ঘটনাকেই কেন্দ্র করে গত কয়েকদিন ধরে নানা আলোচনা চলছে। এ বিষয়ে বুধবার গুয়াহাটিতে সংবাদমাধ্যমের সামনে প্রতিক্রিয়া জানান মুখ্যমন্ত্রী। নিজের হাত দেখিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এটা শুধু ভাগিনিদের নয়, মায়েরা, বয়োজ্যেষ্ঠ নাগরিক এবং ছেলে-মেয়েরাও স্পর্শ করেছে। আজ একটু ঠিক হয়েছে।” হাতে নখের দাগগুলো দেখিয়ে তিনি বলেন, “ইনজেকশন নেওয়ার প্রয়োজন নেই ভেবেছিলাম। আমি মনে করেছিলাম ভালোবাসার আঁচড়ে টিটেনাস নিলে সেই ভালোবাসাটা ঠিক থাকবে না; কিন্তু চিকিৎসকেরা বলেছেন টিটেনাসের একটি ইনজেকশন নেওয়া দরকার।”

যুদ্ধ পরিস্থিতিকে কেন্দ্র করে রান্নার গ্যাসের সম্ভাব্য সংকট নিয়ে তিনি বলেন, “এই বিষয়টি নিয়ে আলোচনা চলছে। গৃহস্থালির রান্নার গ্যাসের ক্ষেত্রে কোনও ঘাটতির সমস্যা নেই। ভারত ইতিমধ্যেই ৪০টি দেশ থেকে নতুন করে গ্যাস আনার ব্যবস্থা করেছে। রাশিয়াও আবার তেল ও গ্যাস পাঠানো শুরু করেছে। কোনও বড় সংকট হবে বলে আমি মনে করি না। কোভিডের সময়ও যখন অক্সিজেনের ঘাটতির আশঙ্কা ছিল, তখনও প্রধানমন্ত্রী মোদি সবার জন্য অক্সিজেনের ব্যবস্থা করতে পেরেছিলেন। এলপিজির ক্ষেত্রেও তিনি সংকট হতে দেবেন না।”

এদিকে, বরপেটা মেডিক্যাল কলেজের নাম পরিবর্তন নিয়ে চলা বিতর্ক প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “প্রতিটি সিদ্ধান্তে কেউ ভালো বলবে, কেউ খারাপ বলবে; কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতেই হয়। যদি ধুবুড়ি, গুয়াহাটি, ডিব্রুগড় বা শিলচরের মেডিক্যাল কলেজগুলোর নাম কারও নামে না হয়, তাহলে বরপেটা কেন ব্যতিক্রম হবে? একটি মেডিক্যাল কলেজ যদি কোনও ব্যক্তির নামে থাকে আর অন্যগুলো না থাকে, তাহলে বাইরের মানুষ এটিকে বেসরকারি মেডিক্যাল কলেজ বলে ভাবতে পারে।” তিনি আরও বলেন, “বরপেটার ফাকুয়া উৎসবে গেলে বহু মানুষ আমাকে এই বিষয়ে অনুরোধ করেছিলেন। তাই জনগণের মতামত নিয়েই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। প্রাক্তন রাষ্ট্রপতি Fakhruddin Ali Ahmed-এর নামে গুয়াহাটিতে একটি ভাল অনুষ্ঠান করা হবে। এখানে বিতর্কের কিছু নেই, আমরা গুণী মানুষদের সম্মান জানাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *