মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১১ মার্চ : বাজারিছড়া জিপির ৬ নম্বর ওয়ার্ডের কালাছড়া গ্রামের প্রবীণ বাসিন্দা সুধাংশুরঞ্জন পাল আর নেই। বুধবার বিকাল প্রায় সাড়ে তিনটা নাগাদ তিনি মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮৪ বছর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় এক সপ্তাহ আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাঁকে দ্রুত শিলংয়ের নিগ্রিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চললেও তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি না হওয়ায় পরে তাঁকে শিলচরের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর করা হয়। পরবর্তীতে সেখান থেকে তাঁকে বাজারিছড়ার মাকুন্দা হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসকদের সকল প্রচেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত তাঁকে আর বাঁচানো সম্ভব হয়নি। কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে বুধবার তিনি পরলোকগমন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনি সহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণমুগ্ধ রেখে গেছেন।
প্রয়াত সুধাংশুরঞ্জন পাল ছিলেন একজন কঠোর পরিশ্রমী ও সজ্জন মানুষ। কৃষিকাজে তিনি অত্যন্ত দক্ষ ছিলেন এবং মূলত কৃষিকাজের ওপর ভিত্তি করেই তাঁর পারিবারিক জীবনের ভিত্তি মজবুত করেন। পাশাপাশি তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি। ধর্মীয় কর্মকাণ্ড ও হরিনাম সংকীর্তনের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভক্তি ছিল।
তাঁর মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই নিজ গ্রাম কালাছড়া সহ বৃহত্তর বাজারিছড়া এলাকায় শোকের ছায়া নেমে আসে। সদাহাস্য ও সদালাপী সুধাংশু বাবুর মরদেহ এদিন বাড়িতে নিয়ে আসা হলে এলাকার বহু মানুষ শেষবারের মতো তাঁকে এক নজর দেখতে ও শ্রদ্ধা নিবেদন করতে তাঁর বাড়িতে ভিড় জমান। এদিকে, তাঁর মৃত্যুতে পরিচিত মহলের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।
জানা গেছে, বুধবার রাতেই তাঁর নিজ বাড়ির লাগোয়া শ্মশানঘাটে শেষকৃত্য সম্পন্ন করা হবে।



