দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ মার্চ : শিলচর বিধানসভা কেন্দ্রের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উদ্যোগে শনিবার রাঙ্গিরখাড়ি এলাকার ভোলাগিরি আশ্রমে একটি নতুন কমিউনিটি হল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ২০২৫–২৬ অর্থবছরের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল (MLA LAD) থেকে প্রায় ৮ লক্ষ টাকার ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, এই কমিউনিটি হল নির্মিত হলে স্থানীয় মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন কমিউনিটি কার্যক্রম পরিচালনার জন্য একটি সাধারণ প্ল্যাটফর্ম তৈরি হবে। তিনি আরও জানান, এর আগে আশ্রমের উন্নয়নের জন্য ৬ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। ফলে আশ্রমের জন্য মোট ১৪ লক্ষ টাকার উন্নয়নমূলক কাজ অনুমোদিত হয়েছে।
ভবিষ্যতেও আশ্রমের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, আগামী দিনে সুযোগ পেলে আশ্রমের আরও উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।
এদিকে, ভোলাগিরি আশ্রমের অধ্যক্ষ আচার্য স্বামী মাধবানন্দ গিরি মহারাজ বিধায়কের এই উদ্যোগের প্রশংসা করে বলেন, আশ্রমের উন্নয়নে দীপায়ন চক্রবর্তী এগিয়ে আসায় এটি একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। তিনি সকলকে নতুন ভবন নির্মাণে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাশী থেকে আগত পণ্ডিত রাজু আরিয়া, স্বামী ভুবনেশ্বরানন্দ গিরি মহারাজ, স্বামী চৈতন্যানন্দ গিরি মহারাজ, পঙ্কজ দে, বাপী দেবরায়, সন্তোষ রায়সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা। স্থানীয় বাসিন্দারাও উদ্যোগটিকে স্বাগত জানিয়ে জানান, কমিউনিটি হলটি নির্মিত হলে এলাকার মানুষের নানা কাজে তা বিশেষভাবে উপকারে আসবে।



