বরাক তরঙ্গ, ১৩ আগস্ট : রংপুরের প্যারা মাউন্ট ইংলিশ অ্যাকাডেমিতে শুক্রবার যথাযোগ্য মর্যাদা ও গৌরবের সঙ্গে পালিত হল মহান স্বাধীনতা সংগ্রামী এবং মণিপুরের বীর যুবরাজ টিকেন্দ্রজিৎ সিংয়ের আত্মবলিদান দিবস। সকাল ১০টায় আয়োজিত স্মরণসভায় ১৮৯১ সালের ১৩ আগস্ট ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই করে শহিদ হওয়া বীর টিকেন্দ্রজিৎ সিং-সহ বিপ্লবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একাডেমির অধ্যক্ষা চন্দনা দাস ও পরিচালনা কমিটির সম্পাদক সুধাংশু দাসের উপস্থিতিতে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করেন। শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর শিক্ষিকা রিতা সিংহ এবং অষ্টম শ্রেণির এক ছাত্র বীর টিকেন্দ্রজিৎ সিংয়ের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগ সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ছাত্রছাত্রীরা সমবেত গান পরিবেশন করে শ্রদ্ধা জানায়। তাপসী দাস শোকগীতি পরিবেশন করেন এবং তৃতীয় শ্রেণির ছাত্রী দিব্যাংকা দাস কবিতা পাঠ করে। সমবেত গানে অংশ নেয় অস্মিতা দাস ও ঋতৃশ্রী দেব।
অনুষ্ঠানের শেষ পর্বে পরিচালনা কমিটির সম্পাদক সুধাংশু দাস বীর টিকেন্দ্রজিতের জীবন ও কর্মের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁর আত্মত্যাগ ও দেশপ্রেমকে আদর্শ হিসেবে গ্রহণ করে ছাত্রছাত্রীদের দেশ ও সমাজের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান শিক্ষক নিশীথ দাস, শিক্ষিকা পিয়াংকা ভট্টাচার্য, রিতা সিংহ, পরিমল নাথ, প্রদীপ দাস, সাহেদা বেগম, প্রিয়াঙ্কা ঘোষ-সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।



