বরাক তরঙ্গ, ৬ মার্চ : প্রশিক্ষণ অভিযানের সময় হঠাৎ রাডার থেকে উধাও হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ছিল। ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলেই আশঙ্কা করেছিল ভারতীয় বায়ুসেনা। শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো। যুদ্ধবিমান ভেঙে পড়ে দুই পাইলটের মর্মান্তিক মৃত্যুর ঘটনা শুক্রবার নিশ্চিত করেছে ভারতীয় বায়ুসেনা। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুর্গকর। তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করে গভীর শোকপ্রকাশ করেছে বায়ুসেনা কর্তৃপক্ষ। নিহত দুই পাইলটের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা কর্তৃপক্ষ।
কার্বি আংলঙ জেলায় ভূ-পতিত যুদ্ধবিমানটি। যুদ্ধবিমানটি যোরহাট থেকে উড্ডয়ন করেছিল। উড্ডয়নের কিছু সময় পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তথ্য অনুযায়ী, রাত ৭টা ৪২ মিনিটে শেষবারের মতো বিমানটির সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর থেকেই বিমানটির অবস্থান সম্পর্কে আর কোনও বার্তা পাওয়া যায়নি। ঘটনার পর থেকেই সংশ্লিষ্ট এলাকায় অনুসন্ধান অভিযান জোরদার করা হয়েছে।

২০০০-এর দশকের শুরুর দিকে ভারতীয় বায়ুসেনায় অন্তর্ভুক্ত হওয়া সুখোই Su-30MKI বিমানটিকে অন্যতম শক্তিশালী এবং সক্ষম প্রথম সারির যুদ্ধবিমান হিসেবে গণ্য করা হয়। রাশিয়ার প্রযুক্তিতে তৈরি এই টুইন-ইঞ্জিন (দ্বি-ইঞ্জিন বিশিষ্ট) মাল্টিরোল ফাইটার জেটটি আসলে ভারত, রাশিয়া, ফ্রান্স এবং ইসরায়েলের অ্যাভিওনিক্স ও অস্ত্রশস্ত্রের এক অনন্য সমন্বয়।



