বিজেপিতে যোগ দিলেন তিন কংগ্রেসি বিধায়ক

Spread the news

বরাক তরঙ্গ, ৫ মার্চ : অসমের রাজনীতিতে বড় ধরনের ভাঙন। কংগ্রেসের তিন বিধায়ক আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। বৃহস্পতিবার গুয়াহাটির বাজপেয়ী ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে বিজেপি দলে যোগ দেন কমলাক্ষ দে পুরকায়স্থ, শশীকান্ত দাস এবং বসন্ত দাস। গেরুয়া বসন পরিয়ে তাদের দলে স্বাগত জানানো হয়। একই অনুষ্ঠানে বিজেপিতে যোগ দেন পর্শ বব কলিতাও। তিনি কংগ্রেসের প্রাক্তন বিধায়িকা উত্তরা কলিতার পুত্র। এছাড়াও কমলপুর আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হওয়ার প্রত্যাশী কংকন নাথও এদিন বিজেপিতে যোগদান করেন।

বশিষ্ঠস্থিত বাজপেয়ী ভবনে অনুষ্ঠিত এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, মন্ত্রী পীযূষ হাজরিকা, কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, বিধায়ক মানব ডেকা সহ দলের একাধিক জ্যেষ্ঠ নেতা। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সাংবাদিকদের জানান, “আজ তিনজন বিধায়ক বিজেপিতে যোগ দিয়েছেন। গত এক-দুই বছর ধরেই তারা আমাদের সমর্থন করে আসছিলেন। আজ তারা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন।”

জোট রাজনীতি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ) এবং অসম গণ পরিষদের (অগপ) সঙ্গে জোট সম্পন্ন হয়েছে। কোনও বন্ধুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতা থাকবে না। নতুন দিল্লির সঙ্গে আলোচনা শেষে সব কিছু জানানো হবে। অগপের সঙ্গে আসন বণ্টন আগের মতোই থাকবে বলেও তিনি জানান। এছাড়া রাভা হাসং পরিষদের সঙ্গেও জোট সম্পন্ন হয়েছে। বিজেপির প্রার্থী তালিকা সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও দলের জাতীয় সভাপতির সময় মিললেই প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

বিপিএফের সঙ্গে জোট প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি বিপিএফের সঙ্গে জোট করেছে। ইউপিপিএল ও বিপিএফের মধ্যে আসন সমঝোতা কীভাবে হবে, তা তাদের নিজস্ব বিষয়। তবে বিজেপি চায় ইউপিপিএল ও বিপিএফের মধ্যেও সমঝোতা হোক। সেই কারণেই বিটিসি এলাকায় বিজেপি কম আসন নিয়েছে।

এদিকে, মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, আজ বা আগামীকাল এআইইউডিএফের কয়েকজন বিধায়ক অগপ দলে যোগ দিতে পারেন। পাশাপাশি তিনি জানান, রাজ্যসভার তিনটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *