বরাক তরঙ্গ, ৩ মার্চ : গোয়ালপাড়া জেলায় বন্য হাতির উপদ্রব ক্রমশই ভয়াবহ রূপ নিচ্ছে। ১২ ঘণ্টার ব্যবধানে জেলার দুই ভিন্ন প্রান্তে বুনো হাতির হামলায় দুই ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও শোকের আবহ তৈরি হয়েছে। রবিবার রাতে দুধনৈর ডাবলি এলাকায় পালাদীপ এম চাংমার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই রংজুলি বন সংমণ্ডলের অন্তর্গত এলাকায় ফের ঘটল একই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা।
জানা গেছে, সর্বশেষ ঘটনাটি ঘটেছে রংজুলি বন সংমণ্ডলের ধনুবঙা জালাপাড়ায়। মৃত ব্যক্তির নাম অরূপ কুমার দাস (৪৬)। রবিবার গভীর রাতে তিনি নিজের কলবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথেই আচমকা একটি বন্য হাতির সামনে পড়ে যান তিনি।
স্থানীয়দের দাবি, একটি শাবকসহ থাকা মাখনা হাতিটি হঠাৎ করেই অরূপ কুমার দাসের উপর ঝাঁপিয়ে পড়ে। প্রাণ বাঁচাতে তিনি মোটরসাইকেল ছেড়ে দৌড়ে পালানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। হাতিটির আক্রমণে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পরপর দুই মৃত্যুর ঘটনায় জেলাজুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় বন্য হাতির ঘন ঘন প্রবেশে চরম উদ্বেগে বাসিন্দারা। দ্রুত ব্যবস্থা গ্রহণ করে মানুষ-হাতি সংঘাত রুখতে বন দফতরের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।



