বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিরোধী জোটের আসন সমঝোতা নিয়ে অনিশ্চয়তা তীব্র আকার ধারণ করেছে। রাইজর দলের সঙ্গে আসন সমঝোতা না করার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। রাইজর দলকে কোনও আসন ছেড়ে দেওয়া হবে না বলেই কংগ্রেস সূত্রে জানা গেছে। মঙ্গলবার রাইজর দলকে বাদ দিয়ে বিরোধী দলগুলির আসন তালিকা প্রকাশ করতে প্রস্তুত কংগ্রেস। ইতিমধ্যে রাইজর দলকে বাইরে রেখে অন্যান্য বিরোধী দলের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে কংগ্রেস নেতৃত্ব। সংবাদমাধ্যমে আসন ভাগাভাগির বিষয়টি ঘোষণা করার লক্ষ্যে একাধিক নেতাকে ফোন করা হয়েছে বলেও জানা গেছে। তবে এই পর্যন্ত রাইজর দলের সভাপতি অখিল গগৈর সঙ্গে কোনও ধরনের যোগাযোগ করেনি কংগ্রেস নেতৃত্ব।
এদিকে, অখিল গগৈ জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন কংগ্রেস বিশ্বাসঘাতকতা করবে না। মিত্রতা প্রসঙ্গে তিনি বলেন, “কংগ্রেস কী সিদ্ধান্ত নিয়েছে তা আমি এখনও জানি না। রাইজর দলকে বাদ দিয়ে যদি মিত্রতা হয়ে থাকে, সে বিষয়ে আমি অবগত নই। সত্যিই কি আমাদের বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা জানি না। তবে বিরোধী মঞ্চে একজন নেতাকে কংগ্রেস আমন্ত্রণ জানিয়েছে।”
তিনি আরও জানান, “২৪ ফেব্রুয়ারি বিরোধী জোটের কেন্দ্রের তালিকা প্রকাশের জন্য ওই নেতাকে ডাকা হয়েছে। সেই নেতা আমাকে জানিয়েছেন যে রাইজর দলের সঙ্গে আসন সমঝোতা হবে না এবং আমাদের কোনও আসন ছাড়া হবে না। আমাদের বাদ দিয়েই বাকি দলগুলির সঙ্গে তালিকা প্রকাশ করবে কংগ্রেস।”
অখিল গগৈ বলেন, “২৪ ফেব্রুয়ারি রাইজর দলকে বাদ দিয়ে আসন ভাগাভাগি করা হলে তা দুর্ভাগ্যজনক হবে। আমি মনে করি কংগ্রেস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আলোচনা চলছে, কয়েকটি কেন্দ্র নিয়ে সমঝোতা হয়নি। আমরা নাওবৈচা, বরছলা কেন্দ্র চেয়েছি, ধিং কেন্দ্র নিয়ে মতপার্থক্য রয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা মাহমরা, রঙিয়া ও শদিয়া কেন্দ্রও দাবি করেছি, কিন্তু কংগ্রেস তা মানেনি। যদি কংগ্রেস আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তবে আমরাও নির্বাচনে লড়তে বাধ্য হব। সেক্ষেত্রে কংগ্রেসের জয়ের কোনও সম্ভাবনাই থাকবে না। আমি মনে করি কংগ্রেস নিজেই নিজের পায়ে কুড়াল মারবে।”



