বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : পূর্ব কচুদরম জগন্নাথ মন্দির প্রাঙ্গণে সোমবার এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বড়খলা কেন্দ্রের চেংকুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ঐতিহ্যবাহী স্থানে প্রাক্তন বিধায়ক কিশোর নাথকে স্থানীয় বাসিন্দারা উষ্ণ অভ্যর্থনা জানান। জনতার করতালি, উচ্ছ্বাস এবং সমর্থনের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
কিশোর নাথকে স্বাগত জানাতে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভিড় জমাতে থাকেন এলাকার বাসিন্দারা। ফুলের তোড়া, উত্তরীয় প্রদান এবং ফুল ছিটিয়ে ঐতিহ্যবাহী রীতিতে তাকে সম্মান জানানো হয়। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সমর্থন এলাকাবাসীর আস্থা ও ভালোবাসারই প্রতিফলন বলে মনে করছেন উপস্থিতরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কিশোর নাথ বড়খলা সমষ্টির সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের সমর্থনই তার মূল শক্তি ও প্রেরণা এবং এলাকার প্রতিটি গ্রাম, প্রতিটি পরিবার ও প্রতিটি মানুষের কল্যাণে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।
এছাড়াও তিনি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নমূলক কাজের প্রশংসা করেন। তিনি বলেন, তাদের নেতৃত্বে দেশ ও রাজ্য উন্নয়নের নতুন দিগন্তে এগিয়ে চলেছে এবং এই উন্নয়নের ধারাকে আরও শক্তিশালী করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।



