বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার বিএসএফের বিশেষ বিমানে করে আগরতলায় পৌঁছান। মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। এ সময় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ও রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহা-নির্দেশকসহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
বিমানবন্দর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি হাঁপানিয়াস্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে রওনা দেন। সেখানে তিনি পূর্ব, উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে অংশগ্রহণ করেন এবং রাজভাষা প্রসারের উপর গুরুত্ব আরোপ করেন। ভাষা কোনও বিবাদের বিষয় নয়, বরং বিকাশের মাধ্যম—এই বার্তা দিয়েই ত্রিপুরাসহ উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন ভাষাকে নাগরী লিপিতে সংরক্ষণের আহ্বান জানালেন অমিত শাহ। পূর্ব, উত্তর-পূর্ব এবং উত্তর অঞ্চলের যৌথ আঞ্চলিক রাজভাষা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বিদেশি লিপির মাধ্যমে দেশীয় ভাষার কোনওভাবেই সংরক্ষণ সম্ভব নয়।
ত্রিপুরায় যারা বিদেশি লিপিতে নিজেদের ভাষা সংরক্ষণ করতে চাইছেন, তাঁদের দেবনাগরী লিপি গ্রহণ করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি। তাঁর বক্তব্য, উত্তর-পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্য এই বিষয়টি স্বীকার করে এগিয়ে গেছে, তাই এ রাজ্যেও এ নিয়ে বিভ্রান্তি না বাড়িয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া উচিত।
স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে বিমানবন্দর ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। প্রশাসনের তরফে গোটা এলাকায় নজরদারি জোরদার করা হয়।



